সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এনসিপি নেতাকে জুতোপেটা করলেন নারী দল থেকে অব্যাহতি

বগুড়া সংবাদ : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে জুতোপেটা করলেন এক নারী প্রশিক্ষণার্থী। এ ঘটনায় ওই নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার (২৯ মে) রাতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
অব্যাহতি পাওয়া এনসিপি নেতা আলী আজম সাব্বির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় আলী আজম সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান।
বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সটাক্টর রাশেদুল হাসান শাহীন জানান, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। তখন আমরা তাকে নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত আছেন। আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান জানান, অভিযোগটি সংগঠনের নজরে আসার সাথে সাথে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দেওয়া হয়।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *