সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

বগুড়া সংবাদ : নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। বিশেষ করে মেডিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও ফার্মাসিউটিক্যাল খাতে এর ব্যবহার আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বলেন, পণ্য উৎপাদন ও বিপণনে সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন পরিমাপক যন্ত্রে বিএসটিআই’র মান নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিএসটিআই সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া সরকারি সব সেবা অটোমেশনের আওতায় আনতে বিএসটিআইকে আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ এবং বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল হক বলেন, ওজন ও পরিমাপ বিষয়ে বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য “নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” উল্লেখ করে তিনি বলেন, নীতিনির্ধারণে আস্থা তৈরির জন্য নির্ভুল তথ্য ও পরিসংখ্যান প্রয়োজন, আর সেই ভিত্তি প্রদান করে মেট্রোলজি।
তিনি আরও বলেন, সার্ভিল্যান্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সচেতন করা হচ্ছে, যাতে বাজারে প্রতিটি ক্রেতা সঠিক পরিমাপ ও মানসম্পন্ন পণ্য পেতে পারেন। পাশাপাশি জনগণকে বিএসটিআই সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *