

বগুড়া সংবাদ : কৃষকের ভাগ্যের পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেছেন, জাতির বৃহত্তম সম্পদ কৃষক। অথচ দেশের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কৃষকরা আজ নানা সংকট ও বঞ্চনার শিকার।
আলু-পেঁয়াজ চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে,
কৃষকদের উন্নয়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, সহজ শর্তে কৃষিঋণ, প্রণোদনা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের (রেজি. বি-২১৩৩) কেন্দ্রীয় অঞ্চল সভাপতি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম শাহজাহান কর্মশালাটি সঞ্চালনা করেন।
কেন্দ্রীয় সভাপতি গোলাম রব্বানী বলেন, দেশের বাজেটে কৃষকদের জন্য মাত্র চার শতাংশ বরাদ্দ রাখা অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ছাড়া কৃষকের ভাগ্যের উন্নয়ন কীভাবে সম্ভব? রোদ-বৃষ্টি উপেক্ষা করে, বজ্রপাত ও মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কৃষক মাঠে ফসল উৎপাদন করেন। তাদের শ্রমেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অথচ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হলেও কৃষকদের প্রকৃত অবস্থা ও দুর্দশার খোঁজ নেওয়া হয় না।
তিনি বলেন, কৃষকরা সময়মতো প্রয়োজনীয় সার ও কীটনাশক পাচ্ছেন না। আবার পাওয়া গেলেও সিন্ডিকেটের কারণে বেশি দামে কিনতে হচ্ছে। কৃষি উপকরণ সময়মতো না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে ফসল ঘরে তোলার সময় বাজারদর কমে যাওয়ায় কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে আলু ও পেঁয়াজ চাষিরা বাজারদর কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণ দিয়ে পাশে দাঁড়ানো জরুরি।
তিনি আরও বলেন, কৃষকদের প্রণোদনা ও সহজ শর্তে কৃষিঋণ দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে কৃষকের জীবনযাত্রা সহজ করতে হবে। কৃষকদের পাশে গিয়ে তাদের দুঃখ-দুর্দশা বুঝতে হবে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের প্রায় ৯ কোটি কৃষক ভোটারের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারলে দেশেরও পরিবর্তন আসবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখতে হবে। অন্যথায় পতিত স্বৈরাচারের চেয়েও ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হতে পারে।
পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। শিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত মালিক ও সংশ্লিষ্ট স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা অশনিসংকেত। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসহাক ও মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, রংপুর অঞ্চল সভাপতি নুরুন্নবী প্রধান, বগুড়া অঞ্চল সভাপতি আতাউর রহমান, রাজশাহী অঞ্চল সভাপতি খাইরুল আলম, যশোর-কুষ্টিয়া অঞ্চল সভাপতি আকিদুল ইসলাম, খুলনা অঞ্চল সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, বরিশাল অঞ্চল সভাপতি আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ অঞ্চল সভাপতি মাহতাব উদ্দিন, ফরিদপুর অঞ্চল সভাপতি মনিরুজ্জামান, সিলেট অঞ্চল সভাপতি নিজামুদ্দিন, কুমিল্লা দক্ষিণ অঞ্চল সভাপতি মাওলানা হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ অঞ্চল সভাপতি শামসুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মিজানুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের রাহিবুল ইসলাম।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা