সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত ইদ্রিস আলী গ্রেপ্তার, সড়ক অবরোধে বিক্ষোভ

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা এবং বর্তমানে দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রী প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ইদ্রিস আলীর স্ত্রী গুলশান আরা’র কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় গুলশান আরা বাড়িতে না থাকার সুযোগে ইদ্রিস আলী শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে বাড়িতে ফিরে ভুক্তভোগী তার মাকে বিষয়টি জানালে, ওইদিন রাতেই তার বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিচার আইনে দোষীর শাস্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, ভুক্তভোগীর বাবার করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় ৬জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পৃথক দুটি হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *