বগুড়া সংবাদ : বগুড়ার ফতেহ আলী বাজার কাঁচামাল মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত ব্যবসায়ী আলাল শেখ হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের পরিবার।
সোমবার (২৭ এপ্রিল) বগুড়া শহরে সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ ফতেহ আলী বাজার কাঁচামাল মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আলাল শেখ। ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে ভোট দিতে বের হন। ভোট প্রদান শেষে বাজার থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল তাকে প্রকাশ্যে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবারের দাবি, বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার ডাবতলা এলাকায় নিয়ে গিয়ে আলাল শেখের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। সেখানে হাতুড়ি দিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখনো মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম, রবিন শেখ, ফুল্লা আলম, জেল্লাল, নয়ন, রতন ও জনি ওরফে বিল্লা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার, দ্রুত বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিহতের পরিবার।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা