বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। ছিলিমপুর উত্তরপাড়া কোটা মসজিদের খতিব ছিলেন।পাশাপাশি ব্যবসাও করতেন।এর আগে বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির উপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সারে ১০ টার দিকে নিজ জমিতে গেলে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে । কথা কাটাকাটির এক পর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত জনতা তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বাবার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে।
খুনের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এদিকে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ,সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
