সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ১

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ব্রিটিশ রিভলবার, তাজা গুলি, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ অন্যান্য সেনাসদস্য অংশ নেন।
ভোর সাড়ে ৪টার দিকে আতিকুর রহমানের বাড়ি ঘেরাও করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
অভিযানকালে ওই বাড়ি থেকে কোকেন, ইয়াবাসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আল আমিন জানান, গ্রেপ্তার আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তল্লাশির সময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট, একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গত ২০ দিনের ব্যবধানে শাজাহানপুর উপজেলা থেকেই একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধারাবাহিক এসব অভিযানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে জানা গেছে।

Check Also

বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মহিলাদের বিশাল মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *