সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পাঁচ দফা দাবিতে ম্যারেজ রেজিস্ট্রারদের কলম বিরতি, অবস্থান ও স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ : ম্যারেজ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর বিভিন্ন প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে বগুড়ায় কলম বিরতি, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতি এবং মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ, বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতি, বগুড়ার সভাপতি কাজী মাওলানা আবু বকর সিদ্দিক, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণের সভাপতি মুহাম্মদ মুনজুরুল হকসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় আট হাজার নিকাহ রেজিস্ট্রার দীর্ঘদিন ধরে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী মুসলমানদের বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তাঁরা বিবাহ ও পারিবারিক বিভিন্ন বিষয়ে ইসলামী শরিয়তের আলোকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন।

প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর খসড়ায় ইউনিয়নকে তিন ভাগে বিভক্ত করে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ এবং পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক একাধিক কাজী নিয়োগের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। তাঁদের আশঙ্কা, এ প্রস্তাব বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্মএলাকা সংকুচিত হবে এবং তাঁদের পেশাগত ও আর্থিক অনিশ্চয়তা বাড়বে।

এ ছাড়া সরকারকে প্রদেয় লাইসেন্স ফি, নিবন্ধন ফি ও বার্ষিক ফি ১০ থেকে ৩০ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন তাঁরা। স্মারকলিপিতে বলা হয়, নিকাহ রেজিস্ট্রাররা সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা, অফিস ভাড়া, অবসর সুবিধা কিংবা অফিস পরিচালনার জন্য আর্থিক সহায়তা পান না। ফলে এ ধরনের ফি বৃদ্ধি তাঁদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিবাহ ও তালাক নিবন্ধন কেবল একটি আইনি প্রক্রিয়া নয়; এর সঙ্গে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, ওয়ালি নির্বাচন, তালাকে খুলা ও তালাকে তাফউইজসহ বিভিন্ন বিষয়ে যথাযথ ধর্মীয় জ্ঞান থাকা একজন নিকাহ রেজিস্ট্রারের জন্য অত্যন্ত জরুরি। তাই এ পেশায় নিয়োগের ক্ষেত্রে ইসলামী শরিয়ত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও যোগ্যতাসম্পন্ন আলেম-উলামাদের প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচি থেকে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—

1\. বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত বিদ্যমান কর্মএলাকা বহাল রাখতে হবে এবং তাঁদের অবসরের আগ পর্যন্ত কর্মএলাকা কর্তন করা যাবে না।

2\. সরকারকে প্রদেয় লাইসেন্স ফি, নিবন্ধন ফি ও বার্ষিক ফি ১০ থেকে ৩০ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বাতিল করতে হবে।

3\. নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে ইসলামী শরিয়ত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানসম্পন্ন আলেম-উলামাদের প্রাধান্য দিতে হবে।

4\. কোনো নিকাহ রেজিস্ট্রার অবসর গ্রহণ করলে অথবা দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করলে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে তাঁর সন্তানকে সংশ্লিষ্ট কর্মএলাকায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

5\. নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রার্থী যাচাই কমিটিতে জেলা পর্যায়ে একজন নিকাহ রেজিস্ট্রার প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান পুনর্বহাল করতে হবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অধিক্ষেত্র ও পেশাগত অধিকার সংরক্ষণ করা জরুরি। তাঁদের সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণের মাধ্যমে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বিধিমালা প্রণয়নের জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।

 

Check Also

বিএনপির তৃণমূলের রাজপথের লড়াকু সৈনিক আইভি চৌধুরী

বগুড়া সংবাদ : রাজনীতিতে অনেকেই আসেন ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে। আবার কেউ কেউ রাজনীতিকে দেখেন মানুষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *