

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু সদর ইউনিয়নের বারতা হিন্দুপাড়ায় মন্দিরসংলগ্ন সরকারি খাস জায়গা জবরদখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। নির্মাণকাজ বন্ধ ও প্রতিকার চেয়ে গত মঙ্গলবার কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বারতা হিন্দুপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র বর্মন এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বারতা হিন্দুপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত একটি জায়গা রয়েছে। জায়গাটি দীর্ঘদিন ধরে মন্দিরের ধর্মীয় ও বিভিন্ন আনুষঙ্গিক কাজে ব্যবহার করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি গ্রামের অন্যপাড়ার রহিম উদ্দিনের ছেলে আল আমিন (২৩), আব্দুল মজিদের ছেলে আলিফ (২২), বিপুলের ছেলে মো. বাপ্পী ও আজিজারের ছেলে রাকিব (২৮) ওই সরকারি খাস জায়গায় মন্দিরসংলগ্ন ক্লাবঘর নির্মাণের কাজ শুরু করেন।
গত ১০ নভেম্বর নির্মাণকাজে বাধা ও নিষেধ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের আশঙ্কা, মন্দিরসংলগ্ন স্থানে ক্লাবঘর নির্মিত হলে গভীর রাত পর্যন্ত লোকজনের আনাগোনা ও আড্ডার কারণে মন্দিরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা