সর্বশেষ সংবাদ ::

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) ও চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আওয়ামীলীগের সদস্য হানজালা (৩৮)।

থানাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সোমবার (৯ নভেম্বর) রাতে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার সন্নিগ্ধ আসামী হিসেবে এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তাছাড়া ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় পৃথক আরেকটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আ’লীগ নেতা হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Check Also

তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু

বগুড়া সংবাদ  : বগুড়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *