

বগুড়া সংবাদ : বগুড়ার এক ফিলিং স্টেশনের গ্যাস প্লান্টে বিকট বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরতলী তিনমাথা এলাকায় অবস্থিত অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার দুপুরে ওই ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন সেখানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে চালকসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণের সময় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নিরাপত্তাদেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা। আগুনে কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্যাস রিফিলের স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তিনি বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তা তাঁরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা