সর্বশেষ সংবাদ ::

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জেলা সমাবেশ

বগুড়া সংবাদ  : বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মোকছেদুর রহমান রোজী। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা হাফিজ আহম্মেদ।
সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম টুকু।
বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে কোনোভাবেই দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একই সঙ্গে দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নের দাবি জানান তারা।
সমাবেশে ৭ দফা দাবির মধ্যে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রির জন্য দাখিলের সুযোগ না দেওয়া এবং থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।
এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের কোনো মামলায় আসামি না করা এবং পৃথক দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতেই দলিল লেখকরা দলিল প্রস্তুত করেন। তাই দলিলের কোনো ত্রুটি বা অনিয়মের দায় একতরফাভাবে দলিল লেখকদের ওপর চাপানো যুক্তিযুক্ত নয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ দফা দাবি বাস্তবায়ন কমিটির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন।
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মতিনের সঞ্চালনায় সমাবেশে বগুড়া জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম টুকু বলেন, “দলিল লেখকদের ন্যায্য অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই ৭ দফা দাবি।”
সমাবেশ শেষে বক্তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বগুড়া জেলার সর্বস্তরের দলিল লেখকদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Check Also

সান্তাহার মানবতার বন্ধনে একসাথে উদ্যোগে সুবিধা বঞ্চিত ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন চত্বরে “মানবতার বন্ধনে একসাথে” সংগঠনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *