

বগুড়া সংবাদ : পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী পরিবেশবিষয়ক কর্মসূচি জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড-২০২৬। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে জ্ঞান, সচেতনতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের আয়োজনে ২৫০জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম প্রমুখ।
বগুড়া জিলা স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অস্কন রায় ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জারিন সুবাহ রাহি’র উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট ও বিশেষ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী মুশরাত মাহজাবীন মাহা, ভাইস প্রেসিডেন্ট রূপান্তি বড়ুয়া, হেড অব স্টাডি এন্ড এ্যানালাইসিস ডিপার্টমেন্ট তাসনুভা তাসকিন মুনতা।
আয়োজকদের মধ্যে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের হেড অব স্টাডি এন্ড এ্যানালাইসিস ডিপার্টমেন্ট তাসনুভা তাসকিন মুনতা বলেন, পরিবেশ আমাদের জীবনের কোনো একটি অধ্যায় নয়। পরিবেশটাই আমাদের পুরো বই। শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, দূষণ, বন উজাড় ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পাঠ্যবইয়ে অনেক কিছু জানলেও সেই জ্ঞান বাস্তব জীবনে কতটা প্রয়োগ করছে, সেটিই পরিবেশ শিক্ষার বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, পরিবেশ সম্পর্কে শুধু তথ্য মুখস্থ করলেই হবে না; জানতে হবে সমস্যার কারণ, বুঝতে হবে এর প্রভাব এবং খুঁজে বের করতে হবে কার্যকর সমাধান। কোনো সমস্যাকে গভীরভাবে না বুঝলে সেই সমস্যার টেকসই সমাধান তৈরি করা সম্ভব নয়। একটি ভালো ধারণা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা বাস্তব সমস্যার বাস্তব সমাধানে কাজে আসে।
তিনি আরও বলেন, পরিবেশগত সমস্যা কোনো একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই এসব সমস্যার সমাধানেও প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
পরিবেশ সচেতনতা তৈরিতে ছোট ছোট উদ্যোগের গুরুত্ব তুলে তাসনুভা তাসকিন মুনতা বলেন, একজন মানুষ একটি প্লাস্টিকের বোতল মাটিতে না ফেললে হয়তো পৃথিবী বদলে যাবে না। কিন্তু সেই ব্যক্তি যদি আরেকজনকে অনুপ্রাণিত করেন এবং সেই ধারাবাহিকতায় আরও অনেকে সচেতন হন, তখন আচরণে পরিবর্তন আসে। আর আচরণের পরিবর্তন থেকেই গড়ে ওঠে নতুন সংস্কৃতি ও সচেতন সমাজ।
অনুষ্ঠানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, বিএম ল্যাবরেটরি স্কুল, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, পুলিশ লাইন্স স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে গত ২৯ আগস্ট বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা