
বগুড়া সংবাদ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁর বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাকিব হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
রাকিব হোসেন বলেন, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ফাজেল নামের এক ব্যক্তির স্ত্রী কান্নারত অবস্থায় তাঁর কাছে এসে জানান, তাঁর স্বামী আগের রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি আশঙ্কা করছিলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাঁকে গুম করে থাকতে পারে। এ সময় রাকিব তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁর পরামর্শ অনুযায়ী ওই নারী থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।
রাকিবের অভিযোগ, বিষয়টি জানতে পেরে খলিলুর রহমান পটু ফাজেলের মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করেন। পরে ফাজেলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে কে তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন, তা জানতে চান। ভয়ের কারণে ওই নারী তাঁর নাম প্রকাশ করেন।
এরপর খলিলুর রহমান পটু আশপাশের এলাকা থেকে লোকজন নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন রাকিব। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ সময় তাঁর মা চিৎকার-চেঁচামেচি করলে তাঁকেও মারধর করা হয়। রাকিবকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ কৃষক বাবাকে ঘর থেকে বের করে এনে তাঁর অবস্থান জানতে চাওয়া হয়। তাঁকে রাকিবকে বের করে দিতে বলা হয় এবং তা না হলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাঁর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
গুরুতর আহত অবস্থায় রাকিবের বাবাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রাকিব।
রাকিব আরও অভিযোগ করেন, তিনি থানায় গিয়ে মামলা করতে চাইলেও তাঁর অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। এ অবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাঁর নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
রাকিব হোসেন বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ন্যায়বিচার, আইনের শাসন এবং আমার পরিবারের নিরাপত্তা।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা