সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হাফেজ শিক্ষার্থীদের এসএসসিতে সাফল্য, স্কুল অব দ্য হলি কুরআনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

 

বগুড়া সংবাদ : এসএসসি ২০২৬ পরীক্ষায় বগুড়ার স্কুল অব দ্য হলি কুরআন শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের ৩৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কুরআন হিফজের পাশাপাশি সাধারণ শিক্ষায়ও শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বগুড়া শহরের কলোনী এলাকার শেরপুর রোডে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, বিএফএ’র বগুড়া জেলা সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, প্রিন্সিপাল শায়েখ মোস্তফা আল মাদানী, ভাইস প্রিন্সিপাল আরাফাত হোসেনসহ অভিভাবক ও প্রতিষ্ঠানের পরিচালকরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, স্কুল অব দ্য হলি কুরআনে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহিহভাবে কুরআন শিক্ষা, হিফজ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন কুরআনের জ্ঞান অর্জন করছে, অন্যদিকে সাধারণ শিক্ষাতেও ভালো ফলাফল করছে।

সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রভাষক তৌহিদুল হক সনি বলেন, কুরআন শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের মনোযোগ ও নিয়মিত পড়াশোনা ভালো ফলাফলের অন্যতম কারণ।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শায়েখ মোস্তফা আল মাদানী (শিক্ষা গবেষক) বলেন, দীন ও সাধারণ শিক্ষার সমন্বিত শিক্ষা কার্যক্রমের কারণে স্কুল অব দ্য হলি কুরআন উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে পরিচিতি অর্জন করেছে। প্রতিষ্ঠানের হাফেজে কুরআন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় এসএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল অর্জন করছে। এ সাফল্য তাদের শিক্ষা কার্যক্রমের প্রতি অভিভাবকদের আস্থা আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ বলেন,সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় রয়েছে।

স্কুল অব দ্য হলি কুরআনে ৩টি ক্যাম্পাসে এসএসসিতে শতভাগ পাস ও ১১ জনের জিপিএ-৫ অর্জনের খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Check Also

বগুড়ায় জামায়াত ও শিবিরের দায়িত্বশীলদের সাথে আমিরে জামায়াতের মতবিনিময়

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বগুড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *