সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা আটক চাচি

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আতিকুর রহমান সাগর (২৬) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাগরের জ্যাঠাতো ভাই জড়িত থাকার সন্দেহে তার মা শাপলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শাপলা সম্পর্কে নিহত সাগরের চাচি হয়।

নিহত সাগর শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগরের বিরোধ চলছিল। বুধবার রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হট্টগোল শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন।
মারজিয়া খাতুন বলেন, সাগরের জ্যাঠাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য শাপলা নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিহত সাগরের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

Check Also

আরিফ শেখ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি পরিবারের নিরাপত্তা চেয়ে,পরিবারের নিরাপত্তা চেয়ে বগুড়ায় নিহতের বোনের সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  : বগুড়ায় আলোচিত আরিফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *