সর্বশেষ সংবাদ ::

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া সংবাদ :কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি।

রোববার (২১ জুন) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত মানববন্ধনে কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছামিউল ইসলাম লিছান বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকদের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া কৃষকদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে। উচ্চ ভাড়ার কারণে অনেক কৃষক মৌসুমেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, “কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ করতে হবে।”
বক্তারা আরও বলেন, প্রতিবছর কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ছে। এর নেতিবাচক প্রভাব আলুর বাজারেও পড়ছে এবং মূল্য অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণ করে কৃষকদের স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।
একই সঙ্গে আলু সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আরও কৃষকবান্ধব করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে কৃষক ও ব্যবসায়ীদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি সোহারাব হোসেন রাতুল, ক্যাশিয়ার বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কাশেম, মিল্লাত আসিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ক্যাপশন: বগুড়া শহরের সাতমাথায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নেতাকর্মী, কৃষক ও ব্যবসায়ীরা।

Check Also

বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন

বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক ও দ্বৈত খেলায় বিজয়ী হয়েছেন সিনিয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *