সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেঞ্চুরি মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া শহরের সেঞ্চুরি মোটেলের ৬১০ নং কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেলে শহরের সেঞ্চুরি মোটেলের ৬১০ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে খবর পাওয়া যায় যে মোটেলের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ রয়েছে এবং অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মিলছে না। পরে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কক্ষের দরজা খোলা হলে ভেতরে বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র পাল মোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ওষুধ এবং একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Check Also

বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

বগুড়া সংবাদ : ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *