

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ঘাস কাটতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন ফরহাদ মিয়া (২৪) নামে এক যুবক। শনিবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফরহাদ মিয়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া মাদ্রাসাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবগ্রাম চন্দ্রপাড়া পূর্বপাড়া এলাকায় ঘাস কাটার সময় খায়রুল ইসলাম (২৫) নামে এক যুবক গালিগালাজ করতে করতে ফরহাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ফরহাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত খায়রুল ইসলামকে আটক করেন।
অভিযুক্ত খায়রুল ইসলাম একই এলাকার হারুনুর রশিদ মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
পরে আহত ফরহাদ মিয়াকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, এর আগেও গত ২৮ মে সন্ধ্যায় মো. জয় নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে খায়রুল ইসলামের বিরুদ্ধে।
এদিকে আটক খায়রুল ইসলামকে বগুড়া সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা