সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শিবগঞ্জে মমেনা বেগম হত্যা মামলার দুই আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে জেলার গাবতলী উপজেলার পাঁচপাইকা হরিতলা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. জেলাল হোসেন (৪২) এবং ২ নম্বর আসামি মোছা. স্বপ্না বেগম (৩৮)। তারা দুজনই শিবগঞ্জ উপজেলার হরিরামপুর জাবারীপুর এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলার একটি বসতবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আসামিরা ভুক্তভোগী মমেনা বেগম ও তার মেয়ে শেফালী বেগমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, জেলাল হোসেন শেফালী বেগমকে মারধর করলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন মমেনা বেগম। তখন অন্য আসামিরা তাকে ধরে রাখে এবং জেলাল হোসেন তাকে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ৬ এপ্রিল ২০২৬; ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড)।
র‌্যাব-১২ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোরে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, হত্যা মামলাসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

আড়াই বছর ধরে বন্ধ রয়েছে একটি সড়কের নির্মাণ কাজ; চরম দুর্ভোগে গ্রামবাসী

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামের নিকট প্রায় পাঁচ’শ মিটার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *