

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামে পূর্ব শত্রুতার জেরে সামিউল সিরাত (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় প্রধান এজাহারনামীয় আসামি সাদ্দাফি রহমান (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ঘোড়াধাপহাট এলাকা থেকে বগুড়া সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিকেলে সামিউল সিরাত বগুড়া সদরের হাজরাদিঘী বলিয়াপাড়া এলাকায় তার খালুর বাড়িতে বেড়াতে যায়। পরে খালাতো ভাই আবাবিল হাসানকে সঙ্গে নিয়ে স্থানীয় হাজরাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলতে যায় সে। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঠের গেটে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া একদল যুবক তাদের পথরোধ করে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে হাজরাদিঘী বলিয়াপাড়া এলাকার সাদ্দাফি রহমানের নির্দেশে আরাফাত রহমান দিগন্ত (১৯)সহ অজ্ঞাত আরও ৩-৪ জন যুবক রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সামিউলের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার একপর্যায়ে আরাফাত রহমান ধারালো রামদা দিয়ে সামিউলের মাথায় কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গলার বাম পাশে লাগে। এতে সে গুরুতর জখম হয়। একই সময় সাদ্দাফি রহমান লোহার রড দিয়ে সামিউলকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সামিউলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। আহত সামিউল বগুড়া সদর উপজেলার রজাকপুর এলাকার মো. আব্দুর রশীদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোড়াধাপহাট এলাকা থেকে প্রধান এজাহারনামীয় আসামি সাদ্দাফি রহমানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা