সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও রোপন

বগুড়া সংবাদ : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়া মহানগরের লতিফপুর ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উত্তর অঞ্চলের প্রধান মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উত্তর অঞ্চলের প্রধান মো. মিজানুর রহমান বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীকুলের নিরাপদ আবাসস্থল সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মসূচিটি হয়ে ওঠে উৎসবমুখর ও অর্থবহ। শিক্ষার্থীরা নিজের হাতে গাছের চারা রোপণ করে এবং সেগুলোর পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক-শিক্ষিকারাও তাদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন।
আয়োজকরা জানান, আজকের একটি গাছই আগামী দিনের একটি সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *