সর্বশেষ সংবাদ ::

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন স্টেশন রোডের ফল ব্যবসা রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাইল সমিতি

 

বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ সমিতি ভাঙার ষড়যন্ত্র, অবৈধভাবে কল্যাণ তহবিল আদায় এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৬ মে) ১২ টা ৩০ মিনিটে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত বগুড়া ফল ব্যবসায়ী সমিতির রেজিস্ট্রেশন নম্বর রাজঃ-২৩৬৯। দেশি-বিদেশি ফল আমদানিকারক, রপ্তানিকারক, আড়তদার, ব্যাপারী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের সমন্বয়ে এই সমিতি গঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ নির্বাচনে বর্তমান কমিটি নির্বাচিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম আরফানের কাছে সমিতির প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সমিতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এমনকি গুন্ডাবাহিনী ব্যবহার করে ফল ব্যবসা ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও বিষয়টি সাবেক কমিটির অনেক সদস্যই জানেন না। এছাড়া ৫৪ জন সদস্য পদত্যাগ করেছেন বলে প্রচার করা হলেও এ সংক্রান্ত কোনো লিখিত পদত্যাগপত্র বর্তমান কমিটির কাছে জমা দেওয়া হয়নি।

বর্তমান কমিটির নেতৃবৃন্দ দাবি করেন, একটি “মনগড়া ও রেজিস্ট্রেশনবিহীন” সমিতি গঠন করে কিছু ব্যক্তি নিজেদের ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে কল্যাণ তহবিলের নামে অর্থ আদায় করছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, স্টেশন রোড এলাকায় প্রায় ১০০টি দোকান এবং প্রায় ১২০০ ফল ব্যবসায়ী এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন রাত ১০টার পর বিভিন্ন জেলা থেকে ফলবাহী ট্রাক এসে আড়তে মালামাল নামায় এবং ভোর থেকে পাইকারি ও ভাসমান ব্যবসায়ীরা সেসব ক্রয় করেন। তাই ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন।

এ সময় জেলা প্রশাসক, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ সেকেন্দার কাজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব শেখ, ফাইন সহ-সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক মোঃ মতিনুর রহমান মতি, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার, ক্রীড়া সম্পাদক মোঃ রাজু শেখ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিমন ফকির, সমাজকল্যাণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র দাস, প্রচার সম্পাদক মোঃ আশরাফ আলী, ধর্মীয় সম্পাদক মোঃ বজলুর রশীদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান আরিফ, মোঃ ওয়াসিম প্রামানিক ও মোঃ তোফায়েল আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

দীর্ঘ অপেক্ষার অবসান, গেজেট প্রকাশ বগুড়া সিটি করপোরেশনের

বগুড়া সংবাদ : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *