
বগুড়া সংবাদ : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া শহরের খান্দার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আজিজুল হক মনজু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মো. লিটন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. মহিদুল ইসলাম, সহসভাপতি মো. মুন্টু, মো. আতিক, মো. গোলাপ ও মো. বাবু, মো. ভিক্ষু, ০৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শবনম মোস্তারী রশ্মি, সাধারণ সম্পাদক সোহানা এবং মোছা. হালিমাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।