
বগুড়া সংবাদ :।বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বগুড়া মহানগরীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারির কারখানায় পরিচালিত সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) শেষে এ রায় দেন আদালত।
বগুড়া সদর ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া খাদ্য উৎপাদনের বিভিন্ন উপাদান লেবেল ও মেয়াদবিহীন অবস্থায় পাওয়া যায়।
কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি করা হচ্ছিল। ভাঙা ও ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি পণ্য উৎপাদন এবং প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে মোড়কীকরণের কাজও চলছিল। এ ছাড়া পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি অভিযানে উঠে আসে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।
অভিযান ও বিচারিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, বগুড়া সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ।
এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের অন্যান্য সহায়ক কর্মী এবং এসআরবি-১২ ও বগুড়া সদর থানার একটি চৌকস দল সার্বিক সমন্বয় ও সহযোগিতা করে।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।