বগুড়া সংবাদ :

বগুড়া সংবাদ : বগুড়ায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাহুলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের নারুলী এলাকায় ‘সর্বস্তরের সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বগুড়া সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম, ছাত্রদল নেতা তুরাগ, নবীন, সোহান, কফিল উদ্দিন, মো. খোরশেদ আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় অভিযুক্ত রাহুলসহ জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বের করে আনার দাবি জানান তাঁরা।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত রাহুল পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী রাহুলের দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে বলেন, গত ১৬ অক্টোবর তাঁর দুটি এবং শিশুটির দাদির দুটি মোবাইল ফোনসহ মোট চারটি ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।