
বগুড়া সংবাদ : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভার আয়োজন করে বগুড়া ডায়াবেটিক সমিতি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বগুড়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ সমিতির আজীবন সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে গ্লু-কোমিটারের মাধ্যমে প্রায় ৩০০ জনের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয়। পরীক্ষায় যাদের ডায়াবেটিস শনাক্ত হয়, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেন মেডিকেল অফিসাররা।
পরে সকাল সাড়ে ১০টায় বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, হাসপাতালের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও গাইনি বিশেষজ্ঞ ডা. রোকশানা বানু এবং হাসপাতালের পরিচালক (চিকিৎসাসেবা) ডা. মো. মোস্তফা কামাল।
আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সভাটি সঞ্চালনা করেন হাসপাতালের পুষ্টি কর্মকর্তা ফারহানা আফরিন।