
বগুড়া সংবাদ : বগুড়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচর্যা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারলে উন্নয়ন ও প্রযুক্তির জন্য বিদেশের ওপর নির্ভর করতে হবে না। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে নিজেদের সক্ষমতাতেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী চিন্তার ওপর। তাই গতানুগতিক শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, ‘হোমগ্রোন প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট’। অর্থাৎ নিজেদের দেশে উৎপাদিত পণ্যই সবচেয়ে ভালো। তাঁর এই দর্শন অনুসরণ করে তরুণ প্রজন্মকে কৃষিসহ বিভিন্ন খাতে গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করতে হবে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।
গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবনের সুযোগ পায়। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই সরকারের দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন তারা কীভাবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চায়, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতি এখনো মানুষের হৃদয়ে অমলিন। তাঁদের রক্তের দাগ শুকানোর আগেই অপরাধ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন দেশের গর্ব হয়ে উঠবে। তাদের মধ্য থেকেই আগামী দিনের আইনস্টাইন ও নিউটনের জন্ম হবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে হবে। তারাই আগামী দিনে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী।
এ সময় বক্তব্য দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, বিজ্ঞানমেলা-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ প্রমুখ।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তাঁরা শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণাধর্মী কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা বিকশিত করা এবং গবেষণামুখী চিন্তার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতা ও বিজ্ঞানমেলার আয়োজন করা হয়।