প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১০:৩৫ পি.এম
পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে বগুড়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত নগর উন্নয়নে খেলার মাঠ, সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে গুরুত্বারোপ
![]()

বগুড়া সংবাদ : বগুড়াকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর ঐতিহ্যবাহী শহীদ টিটু মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এছাড়াও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বিট মডেল স্কুলের অধ্যক্ষ সাবুদ্দিন সৈকত, মহিলা নেত্রী নিহার সুলতানা তিথি এবং সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম বিটু, মাহবুবর রহমান লুলকা, শাহ মেহেদী হাসান হিমু ও দেলোয়ার হোসেন পশারী হিরুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বগুড়া নগরীর সার্বিক উন্নয়ন, মানসম্মত নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়ণের ওপর বিশেষ জোর দেন। তাঁরা নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ, ব্যস্ততম সড়কসমূহ প্রশস্তকরণ, তীব্র যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফতেহ আলী বাজার মোড় এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদের জোরালো দাবি জানান।
পাশাপাশি, জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের ভিত্তিতে নগরীর বড় বড় ওয়ার্ডগুলোকে পুনর্বিন্যাস করার প্রস্তাব তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
বগুড়াকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ এবং নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ