
বগুড়া সংবাদ ( রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এনআইএলজি) এর আয়োজনে কোর্সটি বাস্তবায়ন করছেন শিবগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ - সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কুষি অফিসার আব্দুল হান্নানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান এবং উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উক্ত প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন।
এ সময় প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করতে ভয় পান।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।