
বগুড়া সংবাদ রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মাহমুদা খাতুন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এসএসও লায়লা ফেরদৌসি লিপি ও এসও শাহিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইফতেখার রসুল সিদ্দিক।
প্রশিক্ষণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধানের জাতের পরিচিতি, হাইব্রিড ধানের বৈশিষ্ট্য, বিজ ধানের রগিং পদ্ধতি এবং ধানের রোগবালাই দমন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত নির্বাচন এবং রোগবালাই নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ধান চাষে উৎসাহিত করা এবং উন্নত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।