
বগুড়া সংবাদ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে মহানগর বিএনপির উদ্যোগে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের সুযোগ রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো এবং সবার মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি তুলে দেওয়া হয়।