প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১১:৫১ পি.এম
বগুড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় উত্তেজনা
![]()

বগুড়া সংবাদ : জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়ায় প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে নেতৃবৃন্দরা সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। পরে বগুড়া সদর আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার অনুরোধে আবারো সভায় ফিরে আসেন তারা। কিন্তু ততক্ষনে উত্তেজনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে আলোচনা শুরু হয়।
এদিন সভায় ১২টি থানার মধ্যে ৪জনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষক দিবসের কর্মসূচি থাকার কারণে জেলা প্রশাসক আলোচনা সভা সংক্ষিপ্ত করতে বলেন। এমন সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস উত্তেজিত হয়ে উঠেন।
বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, সভায় বক্তব্য সংক্ষিপ্ত করার কথা বলা হলে পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ উত্তেজিত হন। পরে তাদের উপস্থিতিতে আবারও সভার কাজ সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য, বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি ও বিএনপি নেতা শ্রী পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় উত্তেজনা দেখা দেয়। পরে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা উভয়পক্ষকে অনুরোধ করে সভার কাজ সম্পন্ন করেন।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ