
বগুড়া সংবাদ : দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের ওবায়দুল মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মোল্লা মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, মুবাইদুন নবী তিতাস, রাবু খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজল রাব্বী প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।