
বগুড়া সংবাদ : বগুড়ায় আলোচিত আরিফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না—এমন অভিযোগ করেছেন নিহতের বোন ও মামলার বাদী মোছাঃ রুমি আফরিন। একই সঙ্গে তাকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুমি আফরিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার সহোদর বড় ভাই মোঃ আরিফ শেখ (৩৪) বগুড়ার লতিফপুর এলাকায় মাদকদ্রব্য সেবন, বিক্রি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর জেরে গত ১১ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পেছনে আরজুর বাসার সামনের গলিতে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
রুমি আফরিনের দাবি, এ ঘটনায় তিনি বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি বগুড়া সদর থানার মামলা নং-৬৩, তারিখ ১১ জুলাই ২০২৬; জিআর নং-৫৮০/২০২৬ (সদর)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মোঃ নাহিদ, ৭ নম্বর আসামি মোঃ আব্দুল খালেক বাদল, ৯ নম্বর আসামি মোঃ আকাশ এবং ১১ নম্বর আসামি মোঃ নয়নকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ১ নম্বর আসামি মোঃ সেলিম, ২ নম্বর আসামি মোঃ শুভ, ৩ নম্বর আসামি মোঃ জীবন ওরফে বাটু জীবন এবং ৪ নম্বর আসামি মোঃ রিয়াদ এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, এসব আসামি মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এতে তিনি এবং তার বয়োবৃদ্ধ বাবা-মা নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
রুমি আফরিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, র্যাব ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তার ভাই আরিফ শেখ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কার্যকর তদন্তেরও দাবি করেন তিনি।