
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে কাহালু পৌরসভার উলট্ট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন (৩৭) কাহালু সদর ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বারান্দায় মোটরসাইকেলটি রেখে পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখতে পান, তাঁর ব্যবহৃত বাজাজ কোম্পানির ১২৫ সিসির কালো রঙের মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-হ-১৭-৩২৯৭। এর আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।
পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ওই দিনই কাহালু থানায় লিখিত অভিযোগ দেন আনোয়ার হোসেন।
কাহালু থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে।