
বগুড়া সংবাদ : “নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তালোড়া পৌরসভা থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চারমাথা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রমের স্থানীয়ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হক আলী, তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী মুকুল, যুবদল নেতা হাসিনূর হাসান শাহ দীপু, আহসান হাবীব, তালোড়া পৌরসভার প্রধান সহকারী আরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট দলের সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশারি টাঙিয়ে ঘুমানোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।