
বগুড়া সংবাদ : বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহীদ টিটু মিলনায়তনে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাঁচটি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ৫২৪টি ভোট পড়েছে।
সভাপতি পদে দেওয়াল ঘড়ি প্রতীকে মোঃ আব্দুর রহিম ২৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফিরোজ সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২১ ভোট। ফলে ৭৬ ভোটের ব্যবধানে আব্দুর রহিম সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে মোঃ জিল্লুর রহমান ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম প্রাং আনারস প্রতীকে পেয়েছেন ১৬১ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রহিম (স্বপন), মোঃ গুলজার রহমান ও মোঃ সাখী আলম নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহেল কাফিল এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—কোষাধ্যক্ষ মোঃ সাগর, দপ্তর সম্পাদক মোঃ হাসান আলী প্রাং, প্রচার সম্পাদক মোঃ বাবু খলিফা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিব, ধর্মীয় সম্পাদক মোঃ সাকিল আহম্মেদ (সাজু) এবং কার্যনির্বাহী সদস্য মোঃ বাবু।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আজিজুল হক মঞ্জুর। কমিটির সদস্য সচিব ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম, মোঃ সাইফুল ইসলাম ও জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সদস্য জহুরুল ইসলাম।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে শ্রমিকরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।