
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের আলোহালী পদ্মপুকুর বধ্যভূমি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৮ থেকে ১০ সদস্য পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেলকলোনি এলাকার মৃত মঞ্জু মিয়ার ছেলে সাগর ওরফে ল্যাংড়া সাগর (২৭) এবং গাবতলী উপজেলার কৈঢোপ উত্তরপাড়া এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।
পুলিশ জানায়, ওই এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশের দল বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাগর ও মাসুদ রানাকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত ধারালো হাসুয়া, চাকু, তালা ভাঙার সিঁদকাঠি, স্লাই রেঞ্চ, প্লাস, স্ক্রু ড্রাইভার ও সাদা প্লাস্টিকের বস্তাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।