
বগুড়া সংবাদ : বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড প্রয়োগ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বিডি ক্লিন বগুড়ার যৌথ উদ্যোগে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং লার্ভিসাইড ছিটানো হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ। এছাড়া স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিএনসিসি ও স্কাউট সদস্যরা এতে অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনের পর বগুড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এর আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার করার কাজ শুরু হয়। মশার বংশবিস্তার রোধে বিভিন্ন পয়েন্টে স্প্রে ও লার্ভিসাইড ছিটিয়ে দেওয়া হয়।