
বগুড়া সংবাদ( রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে (গোপীনাথপুর এলাকা) সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের পরিবারের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি গাভী (গরু) হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের স্বজনদের হাতে এই গাভীটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) এস এস তাজুল ইসলাম প্রমৃখ।
উপজেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় উপার্জক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছিল। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারটির স্থায়ী আয়ের সংস্থান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।