বগুড়া সংবাদ : বগুড়া শহরের খান্দার নীলসাগর বিলে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সোয়াদ হোসেন (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি কালামের ছেলে। সে ঠনঠনিয়া এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে খেলাধুলা শেষে সোয়াদ তার দুই বন্ধুর সঙ্গে নীলসাগর বিলে গোসল করতে নামে। সোয়াদ সাঁতার জানত। তবে গোসলের একপর্যায়ে সে বিলের গভীর পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে দুই বন্ধু পানিতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে তারা বিলের পাড়ে উঠে বিষয়টি আশপাশের লোকজনকে জানায় এবং পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিলে নেমে সোয়াদকে উদ্ধার করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ এশা ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠে সোয়াদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।