প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ২:১২ এ.এম
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার
![]()

বগুড়া সংবাদ : বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। ঘটনার ২০ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়াদপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় সাতজন নিহত ও ১৪ জন আহত হন। দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। এরপর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়াদপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেছারুল ইসলামকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ