
বগুড়া সংবাদ : বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা ডিম ব্যবহারের অভিযোগে ‘মি. কেক’ নামের একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়া এলাকায় অবস্থিত ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছে। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট উৎপাদন এবং উৎপাদিত খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, জন্মদিনের কেক তৈরিতে নিয়োজিত খাদ্যকর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না।
এসব অপরাধের কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে কেক তৈরির উদ্দেশ্যে সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সংশ্লিষ্ট সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।