প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৫:১৫ পি.এম
বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে বিপিজেএ’র বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
![]()

বগুড়া সংবাদ: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বগুড়া মহানগরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য ফটোসাংবাদিকরা অংশ নেন। পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বজলুর রশিদ সুইট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুলর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, আলোকচিত্র শুধু একটি মুহূর্তের দৃশ্য ধারণ করে না, বরং সময়ের সাক্ষী হয়ে ইতিহাস ও সমাজের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংরক্ষণ করে। সংবাদমাধ্যমে ফটোসাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী আলোকচিত্র মানুষের কাছে একটি ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে পারে।
তিনি আরও বলেন, ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও ফটোসাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে ফটোসাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন বগুড়া শাখার সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-মুমিন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পাশারী রানা। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সিরাজুল ইসলাম সিরাজ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য ও ফটোসাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ