
বগুড়া সংবাদ : বগুড়ায় নকল ও নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানার স্যানিটারি ন্যাপকিন তৈরির অংশ সাময়িক সিলগালা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চক ফরিদ এলাকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘এশা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে নারীদের ব্যবহারের স্যানিটারি ন্যাপকিন অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে তৈরি করার প্রমাণ পাওয়া যায়। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব পণ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
অভিযানকারী দল জানায়, স্যানিটারি ন্যাপকিন বিএসটিআইয়ের অনুমোদন বাধ্যতামূলক পণ্য হলেও প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন ছাড়াই তা উৎপাদন করছিল। এছাড়া পণ্যের মোড়কে ‘ধামরাই, ঢাকা’ ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই নিম্নমানের নেবুলাইজার মেশিন ও ব্রেস্ট ফিডিং পাম্প তৈরি করছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব পণ্যকেও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান।
পরে অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্যানিটারি ন্যাপকিন তৈরির অংশটি সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযানে র্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।