
বগুড়া সংবাদ : বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার দুপুরে ১টার দিকে এক ব্যক্তি মালগ্রামের দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় তিনি কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বস্তার ভেতরে প্রায় কঙ্কালসার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মালগ্রাম পুকুরপাড় এলাকা থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাশটি অন্তত এক সপ্তাহ আগের। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশটি শনাক্ত করার জন্য ইতিমধ্যে পিবিআই এবং সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আঙুলের ছাপসহ অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারবে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত থানায় এই সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ আসেনি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।