
বগুড়া সংবাদ : ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে স্মারক চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বগুড়া পৌর টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অডিটোরিয়ামজুড়ে শত শত নেতাকর্মী ও রক্তভেজা জুলাইয়ের স্মৃতি বহনকারী ছাত্র-জনতার হাতে শোভা পায় লাল-সবুজ জাতীয় পতাকা। বীর শহীদদের স্মরণে উপস্থিত নেতাকর্মীরা জাতীয় পতাকা উঁচিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী বগুড়ার বীর শহীদদের অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #বগুড়া_জেলা_ছাত্রদল #বীর_শহীদ #শহীদ_পরিবার #বগুড়া_প্রতিদিন