
বগুড়া সংবাদ : রশিদুর রহমান রান শিবগঞ্জ বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ এবং মোকামতলা উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে গত ১৬ জুলাই ২০২৬ । বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্তে দেশব্যাপী কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসাবে শনিবার ( ২৫ জুলাই) উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ( প্রাক্তন আটমুল ইউনিয়ন)
বেতগাড়ী ব্লকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার-১ এর উপসচিব জনাব মুহাম্মাদ শহিদ উল্লাহ, ডিএই, খামারবাড়ি, বনানী,বগুড়ার অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) সারমিন আক্তার, অতিরিক্ত উপপরিচালক( শষ্য) মো: মাহফুজ আলম , উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপসহকারী কৃষি অফিসার মো: সোহাগ বাবু সহ অন্যান্যরা। এই কার্ডের আওতায় প্রত্যেক কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ পাবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এগুলো ছাড়াও সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কিস্তি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনে এ কৃষক কার্ডের আওতায় পরামর্শ দেওয়া হবে বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হান্নান বলেন, কৃষক কার্ড বাস্তবায়ন বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক গঠিত জাতীয় কমিটির অন্যতম সদস্য আমাদের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় শিবগঞ্জ এবং মোকামতলা উপজেলায় কৃষক কার্ডের পাইলটিং শুরু হয়েছে যার মাধ্যমে কৃষক অনেক সুবিধা পাবেন। এই সুবিধা শুধু শস্য উৎপাদনকারী কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা, মৎস্য চাষী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধ খামারিরাও এ কার্ডের আওতায় আসবেন। সকল শ্রেণীর কৃষকের তথ্য থাকবে।