প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:০৭ এ.এম
নূরুইল বিলে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
![]()

বগুড়া সংবাদ : বগুড়া সদরের পীরগাছা-মাটিডালী সড়কের নূরুইল বিল এলাকায় সংসদে অনুমোদিত বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শাখারিয়া, লাহিড়িপাড়াসহ আশপাশের এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইবনে মামুনুর রশীদ সাজু।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নূরুইল বিলের সরকারি খাস জমিকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে সড়কের একপাশে অবস্থান নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, নূরুইল বিল এলাকায় প্রায় ১,৩৩২ শতাংশ জমির মধ্যে প্রায় ৯৩ শতাংশই সরকারি খাস জমি। ফলে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করলে ভূমি অধিগ্রহণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, কোলাহলমুক্ত পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত উপযোগী হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নৈসর্গিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
মানববন্ধনে বক্তব্য রাখা অভিভাবক মনিরা আমিন বলেন, বগুড়া সদরের নূরুইল বিলের সরকারি খাস জায়গায় বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এ বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত কামনা করেন।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ